দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল ভূগর্ভস্থ খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আবারও যোগদান করেছেন প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে পুনরায় যোগদান করেন।
এর আগে গত ১৪ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে তাঁকে পুনরায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পেট্রোবাংলার উৎপাদন ও বিপণন বিভাগে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত ছিলেন।
তথ্য অনুযায়ী, প্রকৌশলী ডি.এম. জোবায়েদ হোসেন এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চলতি দায়িত্বে যোগদান করেন এবং ওই বছরের ১১ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান। পরবর্তীতে ২০২৬ সালের ২ জুন তাঁকে মধ্যপাড়া থেকে বদলি করে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছিল। সেই হিসাবে, ৪ মাস ১২ দিন পর তিনি আবারও নিজের সাবেক কর্মস্থলে ফিরলেন। এর আগে তিনি প্রায় ১ বছর ৫ মাস ১ দিন এই খনির এমডির দায়িত্ব পালন করেছিলেন।
এদিকে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য দায়িত্ব পালনকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেনকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সচিব ও ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে। তিনি গত ২০২৬ সালের ২ জুন মধ্যপাড়ায় যোগদান করেছিলেন।
খনি সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপাড়া পাথর খনির ইতিহাসে কোনো এমডি পদে এ ধরনের বদলি ও পুনরায় পূর্বের পদে ফিরে আসার ঘটনা অত্যন্ত বিরল ও নজিরবিহীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









