সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার গুল্টা আভে মারিয়া চার্চের হলরুমে কারিতাস রাজশাহী (টিসিআরপি)-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক (আরডি) ড. আরোক টপ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাফিজুল ইসলাম, গুল্টা চার্চের ইনচার্জ ফ্রান্সিস সরেন ও আঞ্চলিক অ্যানিমেটর লিনা বিশ্বাস।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তাদের যথাযথ সুযোগ ও সহায়তা দিলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে একজন প্রতিবন্ধী শিশুকে একটি হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









