পটুয়াখালীর বাউফলে ফুটবল নিয়ে পুকুরে সাঁতার কাটতে নেমে ইয়াছিন মৃধা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াছিন ওই এলাকার মহিষ ব্যবসায়ী মো. ফোরকান মৃধা ও মোসা. ফাতেমা বেগম দম্পতির তিন সন্তানের মধ্যে ছোট।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ইয়াছিন তার ১২ বছর বয়সী মামা আব্দুল্লাহর সঙ্গে পুকুরে সাঁতার কাটতে যায়। কিছুক্ষণ পর দুজনই উঠে আসে। পরে ইয়াছিন একটি ফুটবল নিয়ে আবার পুকুরে নামে। সাঁতার কাটার একপর্যায়ে ফুটবলটি দূরে সরে গেলে সেটি আনতে গিয়ে সে পানিতে ডুবে যায় বলে ধারণা পরিবারের সদস্যদের।
পরে পুকুর থেকে ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









