পাবনার আটঘরিয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। পরে তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষা এবং উৎসবের আনন্দ অক্ষুণ্ন রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আটঘরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা নারগিস সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিরোদ কর্মকার নিরু, সাধারণ সম্পাদক শ্রী সুনীল কুমার সাহা এবং পরিষদের সদস্যরা।
পরিদর্শন শেষে প্রশাসনের কর্মকর্তারা সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং আনন্দ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। পরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









