ভোলার লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার বলেন, এ অঞ্চলের মানুষ ফুটবলপ্রেমী এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ রয়েছে। মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি তাঁকে আনন্দিত ও উৎসাহিত করেছে। আগামী দিনে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় খেলোয়াড়দের রেফারির সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান এবং টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফকে ধন্যবাদ দেন।
ধলীগৌরনগর ইউনিয়ন (পূর্ব শাখা) বিএনপির সভাপতি মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ (ডিকো), উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









