দিনাজপুরের পার্বতীপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুটি ইটভাটাকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের ঢেড়েরহাট বুড়াবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ। অভিযানে মেসার্স বসুন্ধরা ব্রিকস ও মেসার্স সততা ব্রিকসকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
অভিযানে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তুহিন বাবুসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ইটভাটা দুটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









