নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বাদাঘাট বাজারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, হুমকি ও হয়রানি স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা। জনস্বার্থে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি আলম সাব্বির, সমাজসেবক আবুল হুসেন, বাদাঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সারোয়ার হুসেন, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আবির হাসান মানিক, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি, এনটিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক এদিনের প্রতিনিধি সামায়ুন আহমদ, দৈনিক বাংলার প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক হাওর বাংলার প্রতিনিধি আজহারুল ইসলাম সুহাগ, দৈনিক নিউজ বাংলার প্রতিনিধি বাবুল মিয়া ও দৈনিক আলোর সকালের প্রতিনিধি আব্দুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া গত ১৮ অক্টোবর সন্ধ্যায় দোয়ারাবাজারে মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









