নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া (৪২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সারোয়ার খানকে (২০) মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে এসআরবি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টা ৫০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফ্লাইওভারের পাশ থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ ও এসআরবি-১-এর সদস্যরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে অভিযান চালান। গ্রেপ্তার সারোয়ার রূপগঞ্জের পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে। তিনি মামলার ৩ নম্বর আসামি।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে শাওন ইফাতকে নিয়ে যাওয়ার সময় ভোলাব ইউনিয়নের পাইস্কা গ্রামের কলি মার্কেট এলাকায় হামলার শিকার হন রিপন। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা বল্লম, চাপাতি, ছেনি ও ধারালো চাকু দিয়ে তাঁকে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ সময় তার ছেলে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
এসআরবি-১১ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









