শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে কুষ্টিয়া পৌর এলাকায় নতুন একটি ঘাট প্রস্তুত করা হয়েছে। এতে বিসর্জন ঘাটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনটিতে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঘাটগুলোর প্রস্তুতি ও সংস্কারকাজ পরিদর্শন করেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান।
তিনি শহরের বড়বাজার ঘাট, মহাশ্মশান ঘাট এবং নতুন করে প্রস্তুত করা ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালীমন্দির-সংলগ্ন ঘাট পরিদর্শন করেন।
পৌরসভা সূত্রে জানা যায়, এ বছর কুষ্টিয়া পৌর এলাকায় ৪৪টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগে বিসর্জনের জন্য দুটি ঘাট নির্ধারিত থাকায় একসঙ্গে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ভিড় ও ভোগান্তি তৈরি হতো। পূজা উদযাপন কমিটির নেতাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন ঘাটটি প্রস্তুত করা হয়েছে।
প্রশাসক মিজানুর রহমান বলেন, ভক্তদের ভোগান্তি কমাতে ও শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন নিশ্চিত করতে নতুন ঘাট তৈরি করা হয়েছে। পাশাপাশি পুরোনো দুটি ঘাটের সংস্কারকাজও চলছে।
পরিদর্শনকালে ঘাটের অবকাঠামো, আলোকসজ্জা, যানবাহন নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা ও দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা করা হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন পৌর প্রশাসক।
এ সময় পৌরসভার কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









