নেত্রকোনায় জেলার পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা ও কর্মতৎপরতা আরও জোরদার করতে গভীর রাতে পুলিশ লাইন্সে উপস্থিত হন পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম। রাত্রীকালীন কেন্দ্রীয় রোলকল থেকে শুরু করে আকস্মিক মেস পরিদর্শন ,সব মিলিয়ে ছিল দায়িত্ববোধ ও নজরদারির এক সরব বার্তা।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাতে নেত্রকোনা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় রোলকল। সেখানে মেগাফোন হাতে পুলিশ সুপার সরাসরি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, পুলিশের কাজ কেবল আইন প্রয়োগ নয় আচরণ, শৃঙ্খলা ও উপস্থাপনাও বাহিনীর ভাবমূর্তির অংশ। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পেশাগত মানদণ্ড বজায় রাখার নির্দেশনাও দেন তিনি।
পোশাক-পরিচ্ছদ প্রসঙ্গে এসপি তরিকুল ইসলাম স্পষ্ট ভাষায় জানান, “ডিউটির সময় ড্রেসআপ হতে হবে পরিপাটি, শৃঙ্খলাপূর্ণ ও মর্যাদাসম্পন্ন। পুলিশের পোশাকের সম্মান রক্ষা করা প্রত্যেক সদস্যের দায়িত্ব।”
রোলকল শেষে হঠাৎ করেই পুলিশ লাইন্সের মেসে প্রবেশ করেন তিনি। রান্নাঘর ঘুরে দেখেন, ফোর্সের জন্য প্রস্তুত খাবারের মান, রান্নার পরিবেশ, উপকরণের গুণগত মান এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করেন। সদস্যদের খাবারের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এমন আকস্মিক তদারকি কার্যক্রমে সদস্যদের মধ্যে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার বার্তা আরও জোরালো হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









