চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পথে সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পাসপোর্ট ব্লক থাকায় তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে যান কামাল আহমদ। পাসপোর্ট যাচাইয়ের সময় সেটি ব্লক থাকার বিষয়টি শনাক্ত করেন কর্মকর্তারা। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সিলেটের জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। ওই মামলায় কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, কামাল আহমদ দীর্ঘদিন ধরে লিভারের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য এর আগে ভারতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা ভিসা নিয়ে আবারও ভারতে যাওয়ার প্রস্তুতি নেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, সন্ত্রাসবিরোধী আইনে থানায় করা একটি মামলায় কামাল আহমদকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









