সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলইখালীতে অজিৎ স্মৃতি পাঠাগারের উদ্যোগে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ পাঠ, বই বিতরণ, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে গলইখালীতে পাঠাগার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তার বিকাশ ও বইপাঠের মাধ্যমে অনুভূতি প্রকাশে উৎসাহিত করাই ছিল এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে পাঠকদের মধ্যে ‘সুলতানার স্বপ্ন’ বই বিতরণ করা হয়। আগামী ১০ নভেম্বরের মধ্যে বইটির ওপর পাঠ-প্রতিক্রিয়া জমা দিতে আহ্বান জানান আয়োজকেরা।

অজিৎ স্মৃতি পাঠাগারের সভাপতি অধীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অসীম সরকার। এতে বক্তব্য দেন মনোরঞ্জন চাকলাদার, ধনঞ্জয় চাকলাদার, ক্ষিতিশ সরকার, সুবীর চকদার, মোহাম্মদ রফিক, দ্বীপক সরকার, রতন সরকার, সুধাংশু সরকার, হরেন্দ্র সরকার, গোপেশ সরকার, ছানা রানী সরকার, সুপ্রভা চাকলাদার ও অঞ্জনা রানী সরকারসহ অনেকে।
অনুষ্ঠানে রাইকিশোরী ধামাইল একাডেমির প্রশিক্ষণার্থীরা ধামাইল নৃত্য পরিবেশন করেন। পরে বাউল লাল শাহ্ ও তৃণা সরকার বাউল গান পরিবেশন করেন। চিত্রাঙ্কন ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনেও অংশ নেন স্থানীয়রা।
‘সুলতানার স্বপ্ন: আজকের পাঠ—সুলতানার স্বপ্ন পড়ো, সৃজনশীল অনুভূতি প্রকাশ করো’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সমিতি। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাহিত্যচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহ বাড়াবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









