ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজতে থাকা নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল আলম শাহীনকে (৩০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সরিষা ও আশ্রবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)। মিলন উপজেলার সরিষা গাংপাড় এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র। অন্যদিকে নয়ন মণ্ডল চর হোসেনপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদকে সরিষা এলাকা থেকে আর নয়ন মণ্ডলকে আশ্রবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর অতর্কিত হামলা ও মারধর করে আহত করা এবং পুলিশের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, ‘‘অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









