গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৬০ জন অজ্ঞাতনামা। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের দল মিছিলটির মুখোমুখি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এতে সদর থানার উপপরিদর্শক মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।
মো. আমিনুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









