রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭১ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১৫৫ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মারা গেছেন দুজন করে ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৬ ও ১৫ অক্টোবর দেশে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









