সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে মৌলভীবাজারের বড়লেখায় ১০ মোটরসাইকেল চালককে সম্মাননা দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা। নিয়মিত হেলমেট পরা, ট্রাফিক আইন মেনে চলা ও বৈধ কাগজপত্র রাখায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় বড়লেখা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ইয়াম্মি প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্টের সৌজন্যে চালকদের হাতে সম্মাননা স্মারক ও সচেতনতামূলক লিফলেট তুলে দেন অতিথিরা।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর রাজনৈতিক সচিব জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোহাইমীন, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সবুজ, মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক তারেক আহমদ ও সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী সাজু।
বক্তারা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত হওয়ার ঝুঁকি কমাতে হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও নির্ধারিত গতিসীমা অনুসরণ জরুরি। নিরাপদ সড়কের সংস্কৃতি গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা ও ইতিবাচক উদ্যোগ প্রয়োজন। আইন মেনে চলা চালকদের সম্মাননা দিলে অন্যরাও দায়িত্বশীল হতে উৎসাহিত হবেন।
সম্মাননাপ্রাপ্ত চালকদের পক্ষে বক্তব্য দেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ কামাল উদ্দিন ও মো. জাকির হোসেন। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সচেতন থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মার্জানুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা প্রেস ক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, ভারপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট বিল্লাল হোসেন, ব্যবসায়ী আতিকুর রহমান, নিসচার উপদেষ্টা সুলতান আহমদ খলিল, পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন ও নাদের আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









