ওয়েলিংটনে উঠল অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী নামের দুই ঝড়। ভারতের দুই ব্যাটারের তাণ্ডবে ঘরের মাঠে উড়ে গেল নিউজিল্যান্ড। অভিষেক মাত্র ৩৫ বলে শতক তুলে নিলেও অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেছেন বৈভব।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লে এবং দলীয় দ্রুততম ফিফটি পূরণে বিশ্বরেকর্ড গড়েছে সফরকারীরা।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছিল নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে ৪০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।
রান তাড়া করতে আজ অভিষেক শর্মার সঙ্গে সাঞ্জু স্যামসনের পরিবর্তে মাঠে নামেন বৈভব সূর্যবংশী। আস্থার প্রতিদান দেন এই বাঁহাতি ব্যাটার। জ্যাকব ডাফির করা ইনিংসের প্রথম বলেই চার হাঁকান তিনি।
একই ওভারে চড়াও হন অভিষেক শর্মাও। এই ওভারে আসে ২৬ রান। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে অ্যাডাম মিলনে দেন ১৭ রান। আর মিচেল ব্রেসওয়েলের করা তৃতীয় ওভারের প্রথম ও দ্বিতীয় বলে যথাক্রমে চার ও ছক্কা হাঁকান অভিষেক। তাতেই দলীয় স্কোর ৫০ ছাড়িয়ে যায়।
তাতেই হয়েছে বিশ্বরেকর্ড। যেকোনো দলের হয়ে এটাই দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২.২ বলে দলীয় ফিফটি রয়েছে পানামা, রোমানিয়া এবং মালয়েশিয়ারও। কিন্তু এরা কেউই আইসিসির পূর্ণ সদস্য নয়।
শুধু এই এক বিশ্বরেকর্ডে থামেননি অভিষেক-সূর্যবংশী। পাওয়ার প্লেতে দুজন মিলে তুলেছেন বিনা উইকেটে ১১৮ রান। এর আগে ইনিংসের প্রথম ৬ ওভারে এতো বেশি রান তুলতে পারেনি কোনো দলই। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









