শিক্ষার্থীদের উপযুক্ত পেশা নির্বাচন ও জীবনের লক্ষ্য নির্ধারণে দিকনির্দেশনা দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘হুইচ ক্যারিয়ার ইজ রাইট ফর ইউ? আ রোডম্যাপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘লক্ষ্যহীন জীবন হলো হাল ছাড়া নৌকার মতো।’ শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে তিনি বলেন, কোন পেশা ছোট বা বড়, তা না ভেবে কার জন্য কোন পেশা উপযুক্ত, সেটিকে গুরুত্ব দিতে হবে।

উপাচার্য আরও বলেন, কাঙ্ক্ষিত পেশায় সফল হতে কঠোর অধ্যবসায় ও পরিশ্রম প্রয়োজন। একাডেমিক পড়াশোনা শেষ করে অলস সময় না কাটিয়ে পছন্দের পেশায় বিশেষ দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ সাব-প্রজেক্টের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিট প্রজেক্টের এএসপিএম ও বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ। স্বাগত বক্তব্য দেন হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









