কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে রিসোর্টের ধ্বংসাবশেষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
গত ১৭ অক্টোবর সকালে পাটুয়ারটেকের টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১০ জন নিহত হন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্ত করে।
তবে ওই ঘটনায় নিখোঁজ ছিলেন স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তা। তার মরদেহ শনাক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। অগ্নিকাণ্ডের ১০ দিন পর ধ্বংসাবশেষ থেকে তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নাসরিন আক্তার মুক্তা ঢাকার সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অবস্থান করছিলেন তিনি। মুক্তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা। তার বাবার নাম মোস্তফা কামাল।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর থেকেই মুক্তার সন্ধানে ছিলেন স্বজনেরা। নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়ার পরও মুক্তার সন্ধান না মেলায় তার স্বজনদের মধ্যে উৎকণ্ঠা ছিল। মঙ্গলবার ধ্বংসাবশেষ থেকে মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









