পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে নিহত ছয়জনের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আহত তিনজনের প্রত্যেকের পরিবারকে চিকিৎসার জন্য দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা করে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ অনুদান বিতরণ করা হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের উপস্থিতিতে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তামারা তাসবিহা, মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোছা. তামারা তাসবিহা জানান, শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় নয়জন বড়শি দিয়ে মাছ ধরতে যান। বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি ছাউনিতে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ছয়জন নিহত এবং তিনজন গুরুতর আহত হন।
নিহতদের প্রত্যেকের পরিবারকে দাফন ও জরুরি সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আহতদের প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি হতাহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আরও সহায়তার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
বজ্রপাতে নিহতরা হলেন—মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









