চাঁপাইনবাবগঞ্জে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুজন শিক্ষার্থী। জেলার ২৭টি মাদ্রাসার মধ্যে একমাত্র শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসার দুই শিক্ষার্থী এ কৃতিত্ব অর্জন করেছেন। বাকি ২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী, শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগ থেকে পাঁচজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন আরও ১৭ জন। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি থেকে পাস করেছেন ২২ জন শিক্ষার্থী।
জেলায় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তাদের মাদ্রাসার দুই শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, জেলার মাদ্রাসাগুলোর মধ্যে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীই তাঁর প্রতিষ্ঠানের। এতে তিনি আনন্দিত। তবে প্রতিষ্ঠানের ফলাফল আরও ভালো হবে বলে প্রত্যাশা ছিল। আগামীতে আরও ভালো ফলের আশা করছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









