বাংলাদেশের মানবিক সহায়তা, স্থানীয় নেতৃত্ব, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনের অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তিনটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নিতে যাচ্ছেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
ইএসডিওর পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার জানান, চলতি নভেম্বর মাসে তুরস্ক ও থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য তিনটি আন্তর্জাতিক আয়োজনে অংশ নেবেন ড. শহীদ উজ জামান। এর মধ্যে রয়েছে তুরস্কের ইস্তাম্বুলে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি, আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং থাইল্যান্ডের ব্যাংককে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের সভা।
তিনি জানান, আগামী ৩ থেকে ৫ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে স্টার্ট নেটওয়ার্কের বার্ষিক অ্যাসেম্বলি। এবারের প্রতিপাদ্য ‘সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে নেটওয়ার্কের শক্তি’। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ক্যাফে আলোচনায় অংশ নিয়ে ড. শহীদ উজ জামান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) অনুমোদিত এনজিও-এমএফআই যৌথ তহবিল গঠনে স্টার্ট বাংলাদেশ হাবের উদ্যোগ, এর ইতিবাচক প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় আগাম কার্যক্রমে দেশীয় সম্পদ ব্যবহারের সম্ভাবনা তুলে ধরবেন।
অন্যদিকে, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।
কপ৩১-এর কর্মসূচির অংশ হিসেবে ১১ নভেম্বর নারী নেতৃত্ব ও জলবায়ু উদ্যোগবিষয়ক একটি অধিবেশনের আলোচনা পর্বে অংশ নেবেন তিনি। এ ছাড়া ১২ নভেম্বর সুন্দরবন অঞ্চলে স্থানীয় নেতৃত্বাধীন ও জেন্ডার সংবেদনশীল প্রকৃতিভিত্তিক অভিযোজন বিষয়ে সিএনআরএস-সিসিবিডির আয়োজিত কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
তুরস্কের কর্মসূচি শেষে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের আমন্ত্রণে ১৬ থেকে ২০ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া আঞ্চলিক নেতৃত্ব দলের (আরএলটি) সভায় অংশ নেবেন ড. মুহম্মদ শহীদ উজ জামান।
ইএসডিওর পরিচালক ড. সেলিমা আখতার বলেন, আন্তর্জাতিক এসব আয়োজনে বাংলাদেশের মানবিক সহায়তা, স্থানীয় নেতৃত্ব, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ১৯৮৮ সালে ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত ইএসডিও দীর্ঘদিন ধরে দারিদ্র্য বিমোচন, শিশুর অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সুরক্ষা ও জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









