পাবনার চাটমোহরে খলিশাগাড়ি বিলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও দেশীয় মাছের প্রজননক্ষেত্র রক্ষায় অভিযান চালিয়ে দুটি অবৈধ স্রোতিবাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত মোবাইল কোর্টে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল মতিন ও চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ স্রোতিবাঁধের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি মাছের চলাচল ও প্রজনন বাধাগ্রস্ত হয়। জলজ পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









