সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি জ্ঞানভিত্তিক, সচেতন ও শিক্ষিত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। মানুষ যেকোনো বয়সে, যেকোনো পরিবেশ ও স্থান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রবিবার (১ নভেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য লুনা বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। শিক্ষার পাশাপাশি গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজে ৩ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।
পৃথক অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মইনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









