রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যানজটের মহামারি থেকে মুক্তি পেতে নেত্রকোনাবাসীর প্রত্যাশা

নাগড়া বিএডিসি–কুড়পাড় কাইলাটী সড়ক সংযোগের জোর দাবি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

নাগড়া বিএডিসি–কুড়পাড় কাইলাটী সড়ক সংযোগের জোর দাবি

নেত্রকোনা জেলা শহর আজ এক নীরব যন্ত্রণার নাম । অবরুদ্ধ সড়ক, স্থবির যানবাহন আর প্রতিদিনের অনিশ্চয়তার ভয়। এই বাস্তবতায় নাগড়া বিএডিসির ফার্মগেট থেকে কুড়পাড় কাইলাটী সড়কের সরাসরি সংযোগ স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে। এলাকাবাসীর ভাষায়, এটি কেবল একটি সড়ক নয় এটি সম্ভাবনার নতুন দিগন্ত।
বর্তমানে শহরের প্রধান সড়কগুলোতে অতিরিক্ত যানচাপ সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হচ্ছে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী সবাইকে পোহাতে হচ্ছে ভোগান্তি। যানজটের কারণে জরুরি সেবাও ব্যাহত হচ্ছে; দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে উদ্বেগজনকভাবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, নাগড়া বিএডিসি ফার্মগেট থেকে কুড়পাড় কাইলাটী সড়ক সংযুক্ত হলে শহরের অভ্যন্তরীণ চাপ অনেকটাই কমবে। বিশেষ করে কুড়পাড় হয়ে ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, কেন্দুয়া, তাড়াইল, মদন, খালিয়াজুড়ী ও আটপাড়া উপজেলার যানবাহন সহজেই শহর এড়িয়ে বিকল্প পথে চলাচল করতে পারবে। এতে জেলা শহরের কেন্দ্রস্থল চাপমুক্ত হবে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন হাজার হাজার যানবাহন শহরের ভেতর দিয়ে চলাচল করায় সড়কের ধারণক্ষমতা অতিক্রম করছে। ফলস্বরূপ সময় ও জ্বালানি অপচয় হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

একাধিক সচেতন নাগরিক জানান, জেলা শহরসহ ১০টি উপজেলায় যানজট এখন ‘মহামারি’র রূপ নিয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দেরিতে পৌঁছাচ্ছে, রোগীরা সময়মতো হাসপাতালে যেতে পারছে না। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স আটকে থাকার ঘটনাও ঘটছে।

বিশেষজ্ঞদের মতে, বিকল্প সড়ক ও বাইপাস নির্মাণ আধুনিক নগর ব্যবস্থাপনার অপরিহার্য অংশ। নাগড়া বিএডিসি-কুড়পাড় কাইলাটী সংযোগ সড়ক বাস্তবায়িত হলে এটি হবে একটি কার্যকর বাইপাস, যা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানের পথ দেখাতে পারে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা, প্রকল্প প্রস্তাব প্রণয়ন ও বাজেট বরাদ্দ নিশ্চিত করে কাজ শুরু করা হোক। উন্নয়নের ধারায় পিছিয়ে থাকতে চায় না নেত্রকোনাবাসী।
সময়ের দাবি এখন একটাই পরিকল্পিত উদ্যোগ ও দ্রুত বাস্তবায়ন। একটি সংযোগ সড়কই পারে বহু বছরের ভোগান্তির অবসান ঘটাতে, ফিরিয়ে আনতে স্বস্তির গতি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.