মাছের ঘেরের জালে আটকে পড়েছিল হুতোম পেঁচাটি। কুসংস্কারের বশবর্তী হয়ে কেউ তাকে হত্যা করেনি, বরং মানবিক উদ্যোগে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে মুক্ত আকাশে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় জাফর শিকদার বাজার থেকে বাড়ি ফেরার পথে ঘেরের জালে পেঁচাটিকে আটকে থাকতে দেখেন। পরে তিনি ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেন। খবর পেয়ে তারা দ্রুত পাখিটিকে উদ্ধার করেন। দীর্ঘ সময় জালে আটকে থাকায় পেঁচাটি দুর্বল ও সামান্য আহত হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সুস্থ হলে সেটিকে মুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর আলম হাওলাদার জানান, জালে আটকে থাকায় পাখিটি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা ও পরিচর্যার পর সেটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ দীপন চন্দ্র দাস বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় হুতোম পেঁচার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুসংস্কার পরিহার করে বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
একটি পাখিকে বাঁচানোর এই উদ্যোগ স্থানীয় মানুষের মানবিকতা ও বন্যপ্রাণীর প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









