চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানের বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা শিশুটিকে রাজশাহীর বোয়ালিয়ায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে পাঠানোর ব্যবস্থা করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির বাগান থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল বাগানের পাশে দুই শিশুর খেলার সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো শিশুটিকে দেখতে পান তিনি। পরে প্রতিবেশী গোলাপ হোসেন শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
এরপর নবজাতককে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন। এক দিন গোলাপ হোসেনের আশ্রয়ে থাকার পর প্রশাসনের উদ্যোগে শিশুটিকে ছোটমনি নিবাসে পাঠানো হয়।
কে বা কারা, কী কারণে শিশুটিকে বাগানের বালুর ভেতর ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









