‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম খুলনা সফরে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজসজ্জায় নতুন রূপ পেয়েছে নগরী। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিভাগীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী বর্ণাঢ্য আয়োজনে অংশ নেবে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। একই অনুষ্ঠানে মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এরপর সকাল ১১টার দিকে সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার শরিফ জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মাজার জিয়ারত শেষে দুপুরে খুলনা সার্কিট হাউজে পৌঁছে কিছু সময় বিশ্রাম নেবেন। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে খুলনা ছাড়বেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে বাড়ানো হয়েছে নজরদারি ও বিশেষ তদারকি। প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নতুন রেলস্টেশন, জেলা প্রশাসকের কার্যালয় ও কেডিএ সড়কের বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে গ্রাফিতি। এসব চিত্রকর্মে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দেশের সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ আয়োজন করতে পারা তাদের জন্য আনন্দের বিষয়। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। অন্য ভেন্যুর তুলনায় খুলনার আয়োজনটি ব্যতিক্রমী হবে বলে তারা আশাবাদী।
তিনি জানান, স্টেডিয়ামের ভেতরের ভেন্যু ব্যবস্থাপনা ছাড়া বাইরের অধিকাংশ কাজ করেছে সিটি করপোরেশন। শহর পরিচ্ছন্ন রাখা, সড়কে মার্কিং করা, ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ স্থাপনা সরানোর কাজ করা হয়েছে। যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। এবারের আয়োজনের অন্যতম বিশেষ দিক হিসেবে খুলনার শিল্প, সাহিত্য, অতীত ইতিহাস ও শিল্পকারখানার ঐতিহ্য তুলে ধরার কথা জানান তিনি। বাংলাদেশে এ ধরনের আয়োজন প্রথম বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত, ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম এম শাকিলুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানের ভেন্যু ও আশপাশের এলাকাতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









