অসুস্থ ছেলেকে চিকিৎসকের কাছে নিতে বাইসাইকেলে করে বের হয়েছিলেন বাবা। কিন্তু পথেই মাছবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশু তাওহীদের। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবাও।
বুধবার (৪ নভেম্বর) সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালির বাজার-বৈলর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ উপজেলার কাঁঠাল ইউনিয়নের বানিয়াধলা গ্রামের ইমামুল হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অসুস্থ ছেলেকে নিয়ে বাইসাইকেলে কালির বাজারের দিকে যাচ্ছিলেন ইমামুল। পথে মোশাররফ হোসেন পুলিশের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক রং সাইডে এসে তাঁদের সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তাওহীদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হন তার বাবাও।
ত্রিশাল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শেখ গোলাম মোস্তফা রুবেল জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









