আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।
সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এবং কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার হাসান ইমাম।
এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ মোহা. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আতাহার হোসেন তারা এবং জাতীয়তাবাদী প্রজন্ম মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান বলেন, ‘‘দীর্ঘদিন পর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিবসটি যথাযথভাবে উদযাপনের মাধ্যমে এর সঠিক ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা দেশ গঠনে নিজেদের সম্পৃক্ত করতে পারে।’’ পাশাপাশি দিবসটি পালনে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় অন্যান্য বক্তারা, দিবসটির সঠিক ইতিহাস ও গুরুত্ব তুলে ধরে যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ৭ নভেম্বর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, এবং হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন।
এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, ফুটবল প্রতিযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









