চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০ রোগী ও তিন উপজেলার ১৩ মেধাবী শিক্ষার্থীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা বিশেষ অনুদান থেকে সংসদ সদস্যের ব্যক্তিগত উদ্যোগ ও প্রচেষ্টায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০ জনকে চিকিৎসার জন্য জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়।
এ ছাড়া গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের ১৩ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা হিসেবে মোট এক লাখ ৩০ হাজার টাকার চেক দেওয়া হয়।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রাং, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা ও উপকারভোগী মনোরঞ্জন কুমার।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









