যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ৭টায় বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে আধুনিক বাংলাদেশের স্থপতি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাঈম, সাংগঠনিক সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, শহীদ উন নবী সালাম, কে এম খাইরুল বাশারসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভূতপূর্ব ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিবছর বিএনপি ও এর সমমনা দলগুলো দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করে থাকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









