লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসাছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি পণ্যবাহী ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। পথে খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, "সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









