যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে ঐতিহাসিক ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে নানা কর্মসূচি পালিত হয়।
সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। দেশকে ফ্যাসিবাদ ও হানাদারমুক্ত করতেও তিনি নেতৃত্ব দিয়েছেন। তাঁর দেখানো পথ ধরেই বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।"
তিনি আরও বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জোর করে বা অন্য কোনো স্বৈরাচারের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তিনি বিভিন্ন সময়ে চরম পরীক্ষা দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঐতিহাসিক ও সর্বোচ্চ অবদান রয়েছে। তাঁকে সামনে রেখেই এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









