আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে যাঁকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে, দলের সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষেই মাঠে নামবেন বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি জানান, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা কোনো ধরনের বিভেদ নয়, দলের চূড়ান্ত সিদ্ধান্তই সবার কাছে সর্বাগ্রে প্রাধান্য পাবে।
গতকাল নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে পৌঁছে নিজ বাসভবনের সামনে উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, "বিএনপি একটি বিশাল ও অনুশাসিত রাজনৈতিক দল। দলে বহু ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতা রয়েছেন। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে একাধিক প্রার্থীর আকাঙ্ক্ষা থাকাটা স্বাভাবিক। তবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার এখতিয়ার সম্পূর্ণ দলীয় হাইকমান্ডের। দল যাকে যোগ্য মনে করে প্রতীক দেবে, আমরা সবাই সব ভেদাভেদ ভুলে তাঁর বিজয়ে কাজ করব।"
নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, মনোনয়নকে কেন্দ্র করে কোনো অবস্থাতেই দলের অভ্যন্তরীণ বিভেদ বা অসন্তোষ সৃষ্টি করা যাবে না। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সবাইকে এক সুতায় গাঁথা থাকার আহ্বান জানান তিনি।
এদিকে কেন্দ্রীয় এই নেতার তিন দিনের হাতিয়া আগমনকে কেন্দ্র করে সমগ্র দ্বীপাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাহবুবের রহমান শামীম হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাটে এসে পৌঁছালে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা জানাতে ঘাটগুলোতে ভিড় জমান হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরবর্তীতে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
হাতিয়ার সার্বিক পরিস্থিতি তুলে ধরে শামীম বলেন, "হাতিয়ার মানুষের সঙ্গে বিএনপির আত্মিক সম্পর্ক বহু পুরোনো। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে।" একই সাথে নেতাকর্মীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম সহ্য করা হবে না।
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে মাহবুবের রহমান শামীমের এমন কঠোর ও দিকনির্দেশনামূলক বার্তা হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









