ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে মাছটি ভোলার বিখ্যাত ইলিশা মাছঘাটে আনা হলে খোলা ডাকে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। খবর পেয়ে বিশালাকৃতির মাছটি একনজর দেখতে ঘাটে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে।
ঘাট সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হানিফ মাঝি নামে এক জেলের জালে বিশালাকার এই কাতল মাছটি আটকা পড়ে। আজ শনিবার সকালে হানিফ মাঝি মাছটি বিক্রির জন্য ইলিশা মাছঘাটে নিয়ে আসেন। সেখানে উপস্থিত আড়তদার ও ক্রেতারা মাছটি কিনতে দর কষাকষি শুরু করেন। শেষ পর্যন্ত ডাকের মাধ্যমে ১৭ হাজার ৫০০ টাকায় জামাল কোম্পানি নামে এক পাইকারি মাছ ব্যবসায়ী কাতলটি কিনে নেন।
ব্যবসায়ী জামাল কোম্পানি জানান, মেঘনা নদীর এত বড় স্বাদু পানির মাছের চাহিদা অনেক বেশি। মাছটি অধিক লাভে বিক্রির জন্য ঢাকার মোকামে পাঠানো হচ্ছে।
মেঘনায় বড় মাছ শিকারের বিষয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি বলেন, "মেঘনা নদী আমাদের মৎস্যসম্পদের এক বিশাল ভান্ডার। প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ এবং ছোট মাছকে বড় হওয়ার সুযোগ দিতে পারলে নদীতে এমন বড় মাছের প্রাচুর্য বহুগুণ বাড়বে। আমাদের মৎস্যসম্পদ রক্ষায় প্রজনন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।"
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, "ইলিশের প্রজনন মৌসুমে নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেরা এখন তার সুফল পেতে শুরু করেছেন। মা মাছ সংরক্ষণ ও নিয়মিত অভিযানের ফলে বর্তমানে জেলেদের জালে বড় আকারের পাঙ্গাশ, ইলিশ এবং কাতল মাছ ধরা পড়ছে। ভবিষ্যতে সব নিষেধাজ্ঞা মেনে চললে নদীতে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং জেলেদের জীবনযাত্রার মান উন্নত হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









