বান্দরবানের লামায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়ন সংলগ্ন হোয়াইট পিক রিসোর্ট এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে পড়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে গুঞ্জন ছড়িয়েছে।
নিহত মংচেসা মার্মা গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়ার মৃত পাইংসাউ মার্মার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যহাতি ও বন্যশূকরের উপদ্রব থেকে বাগান ও ফসল রক্ষায় ওই এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করা হয়। এর অংশ হিসেবে স্থানীয় এক বাসিন্দার বাগানে অবৈধভাবে বৈদ্যুতিক তারের ফাঁদ পাতা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওই ফাঁদে পড়ে মংচেসার মৃত্যু হতে পারে। পরে ঘটনা ধামাচাপা দিতে তার মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেও এলাকায় গুঞ্জন রয়েছে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট বাগানমালিক আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়দের দাবি।
শনিবার দুপুরে হোয়াইট পিক রিসোর্টের নিচে মাতামুহুরি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তৈয়বকে বিষয়টি জানানো হয়। স্থানীয়দের সহায়তায় তিনি মরদেহটি উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।
ইউপি সদস্য আবু তৈয়ব জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









