‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব।
সভায় বিশেষ অতিথি ছিলেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. কামাল উদ্দিন, আব্দুল খালেক সেলিম মোল্লা ও প্রকৌশলী আশরাফ হোসেন।

সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এতে মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায় সমিতির সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









