দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্র রক্ষার প্রয়োজনে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপির ইতিহাস বেইমানি বা মুনাফেকির ইতিহাস নয়। জনগণের প্রয়োজনে ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র রক্ষার লক্ষ্যেই এ দলের জন্ম হয়েছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ওই সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে সেনাবাহিনী ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠা পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসের আলোকে মূল্যায়ন করতে হবে। ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জিয়াউর রহমানের পরিবার ও বিএনপির ভূমিকা বিবেচনা করা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থে বিএনপি কখনো আপস করেনি বলেও মন্তব্য করেন তিনি।
দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম ও হারুন অর রশীদ এবং যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ তুহিন।
আলোচনা সভা শেষে বিজয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









