‘করবো সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান ও সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত। এ ছাড়া বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম ও জেলা সমবায় কর্মকর্তা পঙ্কজ কুমার চন্দ্র।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









