জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির সাবেক দুই নেতার মৃত্যুতে দোয়া করা হয়।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে সরনজাই ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে এবং সরনজাই ইউপি চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোজাম্মেল হক খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও নেসকোর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেন। মুক্তির পর তিনি দেশ গঠন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন। শুধু দিবস পালন নয়, এ দিনের শিক্ষা থেকে ঐক্য গড়ে তুলতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হতে ঐক্যের বিকল্প নেই। দল যাঁকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা সুলতান আহমেদ, সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল মালেক মন্ডল, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আবু সাইদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজা, সদস্যসচিব শরীফ উদ্দীন মুন্সি, যুগ্ম আহ্বায়ক এমদাদ মন্ডল ও মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সরনজাই ইউনিয়ন ও আশপাশের এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









