‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাবেদ মীরজাদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার। সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাজান আলী এবং লামা থানার উপপরিদর্শক (এসআই) শেরে আবরার সাদ।
সভায় বক্তারা সমবায় আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অপরিসীম। একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সমবায় সমিতিসমূহকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









