নাটোরের সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা খাদিজা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর আসলাম সিকদার খাদিজাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে খাদিজা বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।
অভিযুক্ত আসলাম সিকদার চকসিংড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









