নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. জুয়েল রানা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি স্পিড বোটের গতি রোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বোটটি থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা বাজারমূল্যের ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল রানাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. জুয়েল রানা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের চক লক্ষ্মীপুর গ্রামের মৃত মো. আলি মিয়ার ছেলে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত মাদক এবং আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘‘দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং মাদকের ভয়াল বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









