ইয়েমেনে সামরিক বাহিনী পাঠানোর খবর প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দেশটির দাবি, সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তিতে সেনা মোতায়েনের কোনো বিষয় নেই। চুক্তির আওতায় মূলত সামরিক প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের কথা রয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে (সানা) দেওয়া বক্তব্যে দেশটির এক নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্র এ তথ্য জানায়। সূত্রটি বলেছে, এ মুহূর্তে ইয়েমেনে সিরীয় সেনা পাঠানোর খবরের কোনো ভিত্তি নেই। সিরিয়ার বর্তমান অগ্রাধিকার হলো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার।
ওই সূত্র আরও জানায়, সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতার অংশ হিসেবে প্রশিক্ষণ, সামরিক অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ডিসেম্বর থেকে সৌদি কর্মকর্তাদের সিরিয়া সফরের মাধ্যমে সমন্বয় কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ বা অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
গত ৪ নভেম্বর সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট আহমদ আল-শারার রিয়াদ সফরের সময় দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সফরে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন সিরীয় প্রেসিডেন্ট।
সিরীয় সূত্রের ভাষ্য, ভবিষ্যতে এই সহযোগিতা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে রূপ নিতে পারে অথবা সিরিয়া মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করবে দুই দেশের অভিন্ন স্বার্থের ওপর।
মক্কা প্রতিরক্ষা জোটে বর্তমানে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান রয়েছে। গত ৫ অক্টোবর রিয়াদে দেশ তিনটির এক জরুরি বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে জোটের প্রথম মহাসচিব নিয়োগের কথাও জানানো হয়েছিল।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবকে সহায়তা দিতে সিরীয় সামরিক সদস্যরা দেশটিতে গেছেন। তবে সিরিয়ার পক্ষ থেকে ইয়েমেনে সেনা মোতায়েনের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমিতসংখ্যক সিরীয় সামরিক সদস্য সৌদি আরবে গিয়ে দেশটির বাহিনীকে সামরিক পরামর্শ ও প্রশিক্ষণ দিয়েছেন। তবে সৌদি আরবের ভেতরে প্রশিক্ষণ কার্যক্রম এবং ইয়েমেনে সরাসরি সেনা মোতায়েন এক বিষয় নয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









