যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসানে আলোচনায় বসতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে আলোচনার ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে চাপ বা শক্তি প্রয়োগের কাছে তেহরান নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট করেছেন ইরানি প্রেসিডেন্ট।
সোমবার (৯ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান বলেন, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে চলা ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটাতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ইরানের প্রেসিডেন্সির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
পেজেশকিয়ান বলেন, মর্যাদা বজায় রেখেই আলোচনা করা এবং সমস্যার সমাধান করা সম্ভব। ইরান সংলাপ ও আলোচনাকে সমর্থন করে। তার মতে, আলোচনার মাধ্যমে কোনো দেশের অধিকার নিশ্চিত করা সম্ভব হলে যুদ্ধের পথে যাওয়ার প্রয়োজন নেই। তবে জোরজবরদস্তি ও দাদাগিরির কাছে ইরান আত্মসমর্পণ করবে না।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানি প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে আলোচনায় বসতে চায় তেহরান। নিজেদের অধিকার আদায়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু চাপের মুখে কোনো অধিকার ছেড়ে দেবে না।
বক্তব্যে দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন পেজেশকিয়ান। তার অভিযোগ, ইরানের প্রতিপক্ষরা দেশটিকে দুর্বল করার নানা পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে জাতীয় উৎপাদন বাড়ানো এবং দেশের প্রয়োজনীয় পণ্য ও সেবা অভ্যন্তরীণভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া অর্থনৈতিক ও জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং ভোগের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন ইরানের প্রেসিডেন্ট।
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই তার এ বক্তব্য এল। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এরপর পাকিস্তানের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে সমঝোতা বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় এখনো স্থায়ী সমাধান আসেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









