নারায়ণগঞ্জের সোনারগাঁয় একটি অবৈধ ছাপাখানায় অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের চার হাজার কপি গাইড বই ও বাই ছাপানোর যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কাঁচপুর বেহাকৈর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে চার হাজার কপি বিভিন্ন শ্রেণির গাইড বই জব্দ করা হয়। পাশাপাশি বই ছাপানোর ব্যবহৃত মেশিন ও সংশ্লিষ্ট সরঞ্জামও জব্দ করে থানায় নেওয়া হয়েছে। জব্দ করা বইগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকাশনীর নাম ব্যবহার করে গাইড বই ছাপিয়ে বিভিন্ন প্রকাশনির প্রচ্ছদকৃত মলাট ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। এতে বৈধ প্রকাশনির বই বিক্রি কম হওয়াসহ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল। অভিযানের সময় ছাপাখানায় কর্মরত ১১ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, অবৈধ ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









