গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে রূপালী ব্যাংক পিএলসির শাখা অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। শাখাটি বর্তমান স্থানেই বহাল রাখার দাবিতে ‘জান দিবো, ব্যাংক দিবো না’ স্লোগানে কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন তাঁরা।
বুধবার (১১ নভেম্বর) সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের নুরুলগঞ্জ হাট এলাকায় ব্যাংক শাখার সামনে সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল খালেকের আহ্বানে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন মজিদুল ইসলাম, নাজমুল হাসান নান্নু, শ্রী রামপ্রসাদ সাহা, বংশী সাহা, শহিদুল ইসলাম, লিটন মাহমুদ, শামসুল আরিফ, রাশিদুল ইসলাম ছানা, খালেকুজ্জামান লিপি, রফিকুল ইসলাম, ইকবাল হাসান স্বপন, রফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, বাদিয়াখালী এলাকার ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘদিন ধরে রূপালী ব্যাংকের এ শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করে আসছেন। শাখাটি অন্যত্র স্থানান্তর করা হলে স্থানীয় গ্রাহকদের আর্থিক লেনদেন ও দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে চরম ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের ব্যাংকিং সেবা নিতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে।
তাঁরা আরও বলেন, স্থানীয় মানুষের দীর্ঘদিনের ব্যাংকিং সুবিধা ও এলাকার ব্যবসা-বাণিজ্যের স্বার্থ বিবেচনায় ব্যাংক কর্তৃপক্ষের শাখা স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। জনস্বার্থ উপেক্ষা করে কোনোভাবেই এ শাখা অন্যত্র সরিয়ে নেওয়া মেনে নেওয়া হবে না।
কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে শাখা স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করে রূপালী ব্যাংকের বাদিয়াখালী শাখা বর্তমান স্থানেই বহাল রাখার দাবি জানান। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









