পাবনার ভাঙ্গুড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অষ্টমনীষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ভাঙ্গুড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং অষ্টমনীষা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আব্দুল আলিম ও জুয়েল রানা দুজনই অষ্টমনীষা ইউনিয়নের একটি বিস্ফোরক মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুনরায় নাশকতার ছক কষছে—এমন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “তারা নাশকতার বিভিন্ন ধরনের পরিকল্পনা করার সময় হাতেনাতে আটক হয়েছেন।”
পুলিশ আরও জানায়, আটক দুই ব্যক্তি অষ্টমনীষা ইউনিয়নের বিস্ফোরক মামলার আসামি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








