বাল্টিক সাগরে একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করার দাবি করেছে ফিনল্যান্ডের সামরিক বাহিনী।
বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে হামলার কারণ বা এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। বৃহস্পতিবার ফিনল্যান্ডের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে ফিনল্যান্ডের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী ফিনল্যান্ড উপসাগর এলাকায় একটি রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনা শনাক্ত করেছে। এরপর থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
তবে ওই ঘটনার পরও সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি। ফিনল্যান্ডের জন্য তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি নেই বলেও উল্লেখ করেন ওই মুখপাত্র। ঘটনার সুনির্দিষ্ট স্থান, সময় কিংবা কীভাবে হামলাটি শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি দেশটির প্রতিরক্ষা বাহিনী।
এস্তোনিয়ার সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটি রুশ নৌবাহিনীর একটি ছোট জাহাজ। ঘটনার পর সেটি সেন্ট পিটার্সবার্গে ফিরে যায়।
ইউক্রেন সম্প্রতি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দফায় দফায় সামরিক ড্রোন পাঠাচ্ছে। এ অঞ্চলের মধ্যে রয়েছে সেন্ট পিটার্সবার্গ শহর এবং বাল্টিক সাগরের গুরুত্বপূর্ণ বন্দর উস্ত-লুগা। তেল ও শস্যসহ বিভিন্ন পণ্য রপ্তানির জন্য বন্দরটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।
ইউক্রেনের কিছু ড্রোন ভুল করে ফিনল্যান্ড ও বাল্টিক অঞ্চলের আকাশসীমায়ও প্রবেশ করেছে। এতে রাশিয়া ও তার মিত্র বেলারুশের সীমান্তবর্তী ন্যাটোভুক্ত দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার সকালে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া তাদের আকাশসীমায় ড্রোনের উপস্থিতির কারণে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করে। এ পরিস্থিতিতে ন্যাটোও যুদ্ধবিমান প্রস্তুত করে।
ফিনল্যান্ড উপসাগর বাল্টিক সাগরের একটি সংকীর্ণ অংশ। এটি ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মাঝখানে অবস্থিত এবং পূর্ব দিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত বিস্তৃত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








